রাজধানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড হলরুমে অনুষ্ঠিত ‘A Diplomatic Evening-2026’ শীর্ষক নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রকৌশলী মাহবুবা হাকিম। এ সময় নারী কূটনীতিকরা বাংলাদেশ খেলাফত মজলিসের মহিলা উইং, নারীদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, সংসদ সদস্য হিসেবে তাঁর দায়িত্ব এবং পর্দা পালনের পাশাপাশি রাজনৈতিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
জবাবে মাহবুবা হাকিম বলেন, ইসলামী মূল্যবোধ, শালীনতা ও পর্দা বজায় রেখেও নারীরা শিক্ষা, নেতৃত্ব, জনসেবা ও রাষ্ট্রীয় দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতায় ইসলামী মূল্যবোধ ও পর্দা সংসদীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেনি। বরং নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে দেশের নারীদের প্রয়োজন, অধিকার ও কল্যাণের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি জাতীয় বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় সংসদে উপস্থাপনের ক্ষেত্রে এসব মূল্যবোধ ইতিবাচক ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানটি বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের পারস্পরিক মতবিনিময় ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়।