ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে নিখোঁজ হওয়া বাংলাদেশি আলেম মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও দ্রুত মুক্তির ব্যবস্থা এবং রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ দ্রুত জান্নাতুল বাকীতে দাফনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠকে নেতারা এসব দাবি জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মাহবুবুল আলম। পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকী।
এ সময় উপস্থিত ছিলেন মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি হাসান আহমদ, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা মুবাশ্বির আহমদ, মুফতি রেজাউল করিম দরবস্তী, এম. মুফাজ্জল ইবনে মাহফুজ, মাওলানা বোরহান উদ্দিন, মুফতি নাসির বিন নুর, মাওলানা ইমরান মাহমুদ, মাওলানা বেলায়েত হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন ও মাওলানা মাহফুজ উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতারা।
মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান নিয়ে উদ্বেগ
বৈঠকে নেতারা জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়া বাংলাদেশি আলেমদের একটি কাফেলা রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার শিকার হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং মুফতি নাসরুল্লাহ বদর নিহত হন।
নেতাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর মুফতি মুহাম্মদ উল্লাহ ফেসবুক লাইভে এসে দেশবাসীকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। পরে মক্কার একটি হোটেল থেকে সৌদি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তাঁরা।
মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তাঁর অবস্থান শনাক্ত করে বিষয়টি পরিষ্কার করা।
তাঁরা আরও বলেন, তিনি কোনো আইনি বা প্রশাসনিক জটিলতায় থাকলে তা দ্রুত নিরসন করে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাঁকে মুক্তভাবে দেশে ফেরার সুযোগ করে দিতে হবে।
নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি
বৈঠকে রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ দ্রুত জান্নাতুল বাকীতে দাফনের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।
নেতারা বলেন, মুফতি নাসরুল্লাহ বদর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। পবিত্র ভূমিতে তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর পরিবারের সিদ্ধান্ত ও ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এ বিষয়ে বাংলাদেশ সরকার ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন তাঁরা।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নেতারা মুফতি মুহাম্মদ উল্লাহর দ্রুত সন্ধান, নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করার পাশাপাশি মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।