আফগানিস্তান ইস্যুতে মস্কো ফরম্যাটের অষ্টম পরামর্শ বৈঠক আগামী ৫ অক্টোবর রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে আফগানিস্তানের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং আঞ্চলিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা হতে পারে।
রাশিয়ার নেতৃত্বে পরিচালিত মস্কো ফরম্যাট আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, বৈঠকে আফগানিস্তান, ভারত, ইরান, কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও রাশিয়ার প্রতিনিধি এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অতিথি হিসেবে বেলারুশ ও মিশরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন জাখারোভা। অন্যদিকে আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী।
বৈঠকের ফাঁকে মুত্তাকী রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ জোরদারের প্রেক্ষাপটে এবারের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ২০২৫ সালে রাশিয়া তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। একই বছর আফগানিস্তান মস্কো ফরম্যাটের আনুষ্ঠানিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
তালেবান-পাকিস্তান উত্তেজনার মধ্যে বৈঠক
তালেবান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই মস্কো ফরম্যাটের অষ্টম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করছে। তবে তালেবান কর্তৃপক্ষ এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এবং আফগানিস্তানের ভেতরে পাকিস্তানি বিমান হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মস্কো ফরম্যাটের আগের বৈঠকগুলোতেও আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাসবাদ, মাদক পাচার, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল। ২০২৪ সালে অনুষ্ঠিত ষষ্ঠ বৈঠকে আফগানিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আঞ্চলিক সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়।
এদিকে অর্থনৈতিক সহযোগিতাও এবারের বৈঠকে গুরুত্ব পেতে পারে। রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য, পরিবহন করিডর এবং আঞ্চলিক অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়ে আসছে। আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বাড়াতে আঞ্চলিক দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়ে আসছেন আমির খান মুত্তাকী।
৫ অক্টোবরের বৈঠকটি হবে মস্কো ফরম্যাটের অষ্টম পরামর্শ বৈঠক এবং আফগানিস্তান আনুষ্ঠানিক সদস্য হওয়ার পর এই প্রক্রিয়ায় তাদের দ্বিতীয় অংশগ্রহণ।
সূত্র: আমো নিউজ