ষদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তাঁর দাবি, রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নিতে পারছে না বলেই মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নামতে হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিভিন্ন স্থানে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ইশরাক হোসেনের ঘটনাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার বিষয়টি সামনে এনেছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে নিয়োজিত সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ ক্ষেত্রে প্রত্যাশিত পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক দেশে প্রবেশ করলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।
শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—সরকারের কর্মকাণ্ডে এমন কোনো উদ্যোগের প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, বিষয়টি শুধু অস্ত্র প্রদর্শনের ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, নাকি এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলও রয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত সুরক্ষিত করতে হবে, যাতে অবৈধ মাদক দেশে প্রবেশ করতে না পারে।
আখতার হোসেনের মতে, লোকদেখানো পদক্ষেপ কিংবা শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা ও ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সূত্র: ইনসাফ