ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও মালির সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়েও মতবিনিময় করেন তারা।

আলোচনায় জনগণের কল্যাণ ও রাষ্ট্রীয় উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। মুসলিম উম্মাহর কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।
সাক্ষাতে মুসা মারা বাংলাদেশের জনগণের প্রশংসা করেন। বিশেষ করে দেশের তরুণ প্রজন্মের উদ্যম, কর্মতৎপরতা ও ইতিবাচক ভূমিকা তাকে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে বিপুল মানুষের অংশগ্রহণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন মালির সাবেক প্রধানমন্ত্রী। ভবিষ্যতে তিনি নিজে চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে অংশ নেওয়ার পাশাপাশি মালির আলেমদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর আগ্রহের কথাও জানান।
সাক্ষাতে বাংলাদেশ ও মালির জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সাক্ষাতে উপস্থিত ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলহাজ্ব গোলাম মসীহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তথ্য ও গবেষণা সম্পাদক মো. কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. মইনুল ইসলাম।
এ বিষয়ে বার্তা প্রেরণ করেন আইএবি কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।