জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের জাতীয় সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তোলা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দু হিসেবে সংসদের ভূমিকা জোরদার করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা।
এ সময় সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, তরুণ সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি আইপিইউর অন্যতম অগ্রাধিকার।
আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংস্থাটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে আইপিইউ মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিরোধী দলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধী দলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।