নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে দুই দিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

সফরকালে নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও মানবিক পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে অবগত হওয়ার কথা রয়েছে তার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শোনা এবং চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের বিষয়ে খোঁজ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তার সম্ভাব্য প্রয়োজনীয়তা সম্পর্কেও তিনি ধারণা নেবেন বলে জানা গেছে।
সফরকালে স্থানীয় আলেম-উলামা, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন আল্লামা মামুনুল হক। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণের লক্ষ্যে পরিস্থিতি পর্যবেক্ষণই এ সফরের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।
নেপালে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন স্থাপনা। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।