ইসলামি বক্তা মাওলানা হাবিবুর রহমান মিসবাহের দশম স্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। গত ২২ আগস্ট রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এ পোস্ট দেন।
পোস্টে অ্যাথিনা তাবাসসুম লেখেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’

পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত এতে প্রায় ১ হাজার ৬০০ প্রতিক্রিয়া, ৪০৯টি মন্তব্য ও ২২টি শেয়ার দেখা যায়। মন্তব্যে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে মাওলানা হাবিবুর রহমান মিসবাহের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। তাঁর পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত গত ২০ আগস্ট ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে হুমায়রা জান্নাতের সঙ্গে মিসবাহের বিয়ে হয়। তাদের সংসারে ২০২৫ সালের ২১ জানুয়ারি একটি পুত্রসন্তানের জন্ম হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, বিয়ের সময় মিসবাহ তাঁর আগের চারটি বিয়ের তথ্য গোপন করেন। পরে হুমায়রা জানতে পারেন, তাঁকে ছাড়াও মিসবাহ আরও আটজন নারীকে বিয়ে করেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিলও মিসবাহের মোট নয়টি বিয়ের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন।