1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর আসিফ মাহমুদের সময়ে নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন ৫ আলেম বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ মুসলিম বিশ্বের শান্তিরক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তি মুসলিম বিশ্বের জন্য উপকারী: মাওলানা জাবিহুল্লাহ প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি সংসদে বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি: দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ ঢাকায় মাইজভান্ডারি গোষ্ঠীর জশনে জুলুস: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সংসদে বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি: দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে জাতীয় সংসদে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা প্রায় নিষিদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছিলেন। হাসনাতের দাবি, এ ধরনের বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষ ও সেখানকার আলেম-ওলামাদের ওপর চাপিয়ে দিয়েছেন।

কনসার্ট বন্ধের ঘটনা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশের একটি কনসার্ট বন্ধ হওয়ার ঘটনা গণমাধ্যমে যেভাবে উপস্থাপিত হয়েছে, বাস্তব পরিস্থিতি তার থেকে ভিন্ন ছিল। গভীর রাতে উচ্চ শব্দের কারণে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটলে শিক্ষার্থীরা সাউন্ড কমানোর অনুরোধ করেন। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটে এবং কয়েকজন শিক্ষার্থী পুলিশের লাঠিপেটায় আহত হন।

তিনি বলেন, ঘটনাপ্রবাহ থেকে স্পষ্ট যে মাদ্রাসা শিক্ষার্থীরা কনসার্ট বন্ধ করে দেননি; তারা কেবল উচ্চ শব্দ কমানোর কথা বলেছিলেন। ফলে ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ—এমন ধারণা সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে নৌকাবাইচের প্রসঙ্গে নিজের বক্তব্যে তথ্যগত ভুল থাকার কথা স্বীকার করেন হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, নৌকাবাইচের ঘটনাস্থল হিসেবে তিনি ভুলবশত সিলেটের পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়ার নাম উল্লেখ করেছিলেন।

এ বিষয়ে তিনি বলেন, “নৌকাবাইচের বিষয়টিতে স্থান নিয়ে আমার তথ্যগত ত্রুটি হয়েছে। সিলেটের জায়গায় ব্রাহ্মণবাড়িয়া বলে ফেলি। এ ত্রুটিতে যে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তাতে আমি বিব্রত এবং দুঃখ প্রকাশ করছি।”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সংসদে মূল ঘটনা ও গণমাধ্যমে বিষয়টি কীভাবে উপস্থাপিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন ছিল। তবে সম্পূরক প্রশ্নে সময়ের সীমাবদ্ধতার কারণে তিনি বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরার সুযোগ পাননি।

ফেসবুক পোস্টে তিনি জুলাই অভ্যুত্থানের আদর্শের প্রতি নিজের ও দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ হবে সকল ধর্ম, মত ও দৃষ্টিভঙ্গির মানুষের মিলনস্থল।

তিনি বলেন, এই দেশে মসজিদ, মন্দির, ওয়াজ-মাহফিল, মাজার, সংগীত, কনসার্ট, রথযাত্রা ও সিনেমা উৎসবসহ সকলের নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতির চর্চার অধিকার থাকবে। কেউ তার মতামত বা দৃষ্টিভঙ্গি অন্যের ওপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে না।

হাসনাত আবদুল্লাহ বলেন, “এই বাংলাদেশ সবার। যার যেটা পছন্দ হবে, সে সেটাতেই অংশ নেবে; আর যার পছন্দ হবে না, সে সেখানে যাবে না। সরকারের দায়িত্ব হলো নিশ্চিত করা, যাতে কেউ অন্যের অধিকার ক্ষুণ্ন করতে না পারে।”

সবশেষে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল ধর্ম, বর্ণ ও শ্রেণিনির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সর্বজনীন ও বৈচিত্র্যপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন। সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই তিনি ও তার দল কাজ করে যাবে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD