শরিয়াহর কথা বলে জামায়াত ‘রাজনৈতিক মুনাফেকি’ করছে: রাশেদ খান
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র ব্যবস্থার মধ্যেই শরিয়াহ আইনের মূল ধারাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে জামায়াতে ইসলামী শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলে জনগণের সঙ্গে রাজনৈতিক ‘মুনাফেকি’ করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করার প্রস্তুতি রয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহিদ হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
সূত্র: একাত্তর