নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার ৯ নম্বর খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় শ্যামগঞ্জ-জারিয়া সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি পদপ্রার্থী হাসিব ইবনে হান্নান রিদমের নেতৃত্বে ভোরে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা পাবই এলাকায় জড়ো হন। পরে তারা শ্যামগঞ্জগামী সড়কে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে পূর্বধলা ও আটপাড়া উপজেলার ১১ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় তিনটি মোটরসাইকেল।
আটক ব্যক্তিদের মধ্যে আটপাড়ার মারুফ হোসেন মুন্না (২০), সিয়াম আহমেদ (১৮), শিপন মিয়া (১৮) ও ইবনে শফি সামি দ্বীপ (১৮) এবং পূর্বধলার জাহিদুল হাসান ফয়সাল (২৫), মো. নাঈম ইসলাম (২৮), লোকমান আহম্মেদ (২৬), ফজলে এলাহী ময়না (২৯), মাহফুজ আকম শরীফ (২৬), শাওন শেখ (১৬) ও ইমরান (১৫) রয়েছেন।
পরবর্তীতে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে আটপাড়ার আরিফ জাহান বিজয় (১৯) ও রুদ্র মিয়া (১৯)-কে আটক করে। এছাড়া ময়মনসিংহের গৌরীপুর থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট আটক ও গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ১৪ জনে।
পুলিশ জানায়, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।