শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের প্রতিবাদ
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে হেফাজতে ইসলাম দাবি করে, শামীম কায়সার লিংকনের মতাদর্শ নিয়ে দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে আপত্তি রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল, যোগ্য ও উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়া উচিত বলেও উল্লেখ করা হয়।
সংগঠনটি আশঙ্কা প্রকাশ করে, এ সিদ্ধান্ত ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করতে পারে এবং সরকার ও আলেম সমাজের পারস্পরিক আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
হেফাজতে ইসলাম শামীম কায়সার লিংকনের নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও বাতিল করে আলেম-উলামাদের সঙ্গে পরামর্শের মাধ্যমে একজন যোগ্য ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।