সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অপরাধীকে ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ঢাকা মহানগরসহ সারা দেশে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সংঘবদ্ধ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে সংঘবদ্ধ চক্রটির সাত সদস্যের মধ্যে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে চিকিৎসক, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী বা তাদের মদদদাতা যতই প্রভাবশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।
চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে দেশের ৫০০ হাসপাতালে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তথ্যসূত্র: বাসস