পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. জাকির হোসেন মৃদুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে পূর্বধলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে একটি দল ওই সময় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। কলমাকান্দা থেকে ঢাকাগামী ‘ক্রাউন ডিলাক্স’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-০৪৮২।
আটক মো. জাকির হোসেন মৃদুল নেত্রকোণার কলমাকান্দা থানার বামনগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মোছা. তাসলিমা খাতুন।
পুলিশ জানায়, উদ্ধার করা বোতলগুলোর গায়ে ‘Laborate Codeine Phosphate’ লেখা রয়েছে।
এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে পূর্বধলা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।