নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কোনো নির্দিষ্ট নীতিমালা না মেনে চালকদের একটি অংশ ইচ্ছামতো ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় যাত্রীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, যে পথে স্বাভাবিক ভাড়া প্রায় ৪০ টাকা হওয়ার কথা, সেখানে যাত্রীদের কাছ থেকে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

যাত্রীরা জানান, অতিরিক্ত ভাড়া নিয়ে প্রশ্ন তুললে অনেক সময় চালক ও তাদের সহযোগীদের অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হতে হয়। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলা এই ভাড়া নৈরাজ্যের পেছনে একটি প্রভাবশালী সিন্ডিকেটের ভূমিকা রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সিএনজি চালক বা মালিকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা বলছেন, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে নির্ধারিত ভাড়া কার্যকর, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রী হয়রানি রোধে প্রশাসনের নজরদারি প্রয়োজন।
এ পরিস্থিতিতে সিএনজি ভাড়ার বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।