রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এবং মাদক চোরাচালানের সঙ্গেও সম্পৃক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে রোহিঙ্গাদের কারণে পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গা ও সীমান্ত সংকটের পাশাপাশি পার্বত্য অঞ্চল এবং জ্বালানি সংকট মোকাবিলায়ও কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীদের।
তিনি বলেন, এসব জাতীয় গুরুত্বপূর্ণ সংকটের সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।