শাপলা থেকে জুলাই: এক যুগের গল্প নিয়ে প্রকাশিত ‘তারাদের রাত’
সাহিত্য ডেস্ক: শাপলা পর্ব থেকে জুলাই আন্দোলন—এক যুগের নানা ঘটনা, পরিবর্তন ও আত্মজাগরণের গল্প নিয়ে প্রকাশিত হয়েছে গল্প সংকলন ‘তারাদের রাত’। ২০১৩-১৪ সালের শাপলা পর্ব থেকে ২০২৪-২৫ সালের জুলাই পর্ব পর্যন্ত বিভিন্ন সময়ে লেখা গল্প এতে স্থান পেয়েছে।

সংকলনটির মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন, সামাজিক-সাংস্কৃতিক জাগরণ এবং নতুন নির্মাণের আকাঙ্ক্ষাকে গল্পের ভিন্ন ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এক যুগের ব্যবধানে লেখা গল্পগুলো একত্রিত হয়ে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস ও পরিবর্তনের একটি বিস্তৃত সাহিত্যিক চিত্র নির্মাণ করেছে।
বইটির ভূমিকায় শাপলা পর্বকে কেবল একটি নির্দিষ্ট সময়ের ঘটনা হিসেবে না দেখে এর দীর্ঘমেয়াদি সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব নিয়ে ভাবার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি জুলাইয়ের ঘটনাপ্রবাহের পর অতীতের বিভিন্ন ঘটনাকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
সংকলনে ২০১৩-১৪ সালে লেখা গল্পের পাশাপাশি ২০২৪-২৫ সালে রচিত গল্পও রয়েছে। লেখকদের দীর্ঘ সময়ের সৃজনশীল প্রচেষ্টা ও আগ্রহের ফল হিসেবে গল্পগুলো একত্র করে পাঠকের সামনে একটি বৃহৎ সাহিত্যিক ক্যানভাস উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূমিকায় আরও বলা হয়েছে, প্রতিটি গল্পকে আলাদা অধ্যায় হিসেবে পড়লে বাংলাদেশের সাহিত্যে নতুন ধারার বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনার একটি চিত্র পাঠকের সামনে ফুটে উঠতে পারে।
‘তারাদের রাত’ প্রকাশের পেছনে গত এক দশকের বেশি সময়ে বিভিন্ন মানুষের সহযোগিতা, পরামর্শ, সাহস ও উৎসাহের কথা উল্লেখ করা হয়েছে। এ কাজে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিশেষভাবে কবি মোশাররফ হোসাইনের অবদানের কথাও স্মরণ করা হয়েছে।
গল্প সংকলনটি সম্পাদনা ও সংকলন করেছেন মুহিম মাহফুজ। এর প্রচ্ছদ করেছেন শিল্পী খন্দকার যুবাইর। বইটি প্রকাশ করেছে ‘ইলহাম’।