বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়নের কথা বললেন ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় বিদেশি কোনো চাপ মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, “ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। আদর্শের পরিবর্তন হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায়? বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা।” তিনি আরও বলেন, কোনো আমেরিকা বা ভারতের চাপ বাংলাদেশে থাকবে না।
দেশের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, শুধু শাসক বা ব্যক্তি পরিবর্তন করলেই দুর্নীতি বন্ধ হবে না; এর জন্য নীতি ও আদর্শের পরিবর্তন প্রয়োজন। তার ভাষ্য, বারবার ক্ষমতার পরিবর্তন হলেও দুর্নীতি ও চুরি বন্ধ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল করার উদ্দেশ্য যদি চাঁদাবাজি, দখলদারি ও ব্যক্তিস্বার্থ হাসিল হয়, তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, দেশে বিভিন্ন সময়ে শাসনব্যবস্থার পরিবর্তন হয়েছে। কিন্তু শাসক পরিবর্তনের পাশাপাশি দুর্নীতিরও পরিবর্তন প্রয়োজন। জনগণ চাইলে ভবিষ্যতে ইসলামী ঐক্যমত প্রতিষ্ঠার পরিবর্তনও সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলন শেষে খোকসা উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আলহাজ আনোয়ার খানকে সভাপতি এবং মাওলানা নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সূত্র: ইত্তেফাক