কারাগারে শারীরিক অবস্থার অবনতি ও চিকিৎসায় অবহেলার অভিযোগের মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (১৮ আগস্ট) তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে ইসলামাবাদের শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। একই সঙ্গে তার চিকিৎসা পর্যবেক্ষণে একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত বলেন, একজন নাগরিকের জীবন ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের আইনি ও মানবিক দায়িত্ব। শুনানিতে ইমরান খানের স্বাস্থ্যসংক্রান্ত বিস্তারিত মেডিকেল রিপোর্ট আদালতে দাখিলে বিলম্ব নিয়েও প্রশ্ন তোলা হয়।
আদালতে উপস্থাপিত প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, ইমরান খানের হৃদস্পন্দন ও নাড়ির গতি স্বাভাবিক নয় এবং তার এনজিওগ্রামসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। কারাগারে এ ধরনের চিকিৎসা সুবিধা না থাকায় তাকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত দেওয়া হয়।
গঠন করা হবে বিশেষ মেডিকেল বোর্ড
সুপ্রিম কোর্ট ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন। এতে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল ও বোন ডা. উজমা খানকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ইমরান খানের পরিবারকে সপ্তাহে অন্তত একদিন তার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তার বোন ও সন্তানদের সঙ্গে অতীতে যোগাযোগের বিস্তারিত রেকর্ডও পরবর্তী শুনানিতে উপস্থাপন করতে বলা হয়েছে।
হাসপাতালের বাইরে রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা
আদালত একই সঙ্গে পিটিআই ও ইমরান খানের পরিবারের প্রতি হাসপাতালের ভেতরে বা আশপাশে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ না করার নির্দেশ দিয়েছেন। চিকিৎসা বা মেডিকেল রিপোর্টকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হলে হাসপাতাল স্থানান্তরের সুবিধা বাতিল হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে আদালতের নির্দেশ ‘অক্ষরে অক্ষরে’ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে পিটিআই নেতৃত্বও দলীয় কর্মীদের হাসপাতালের আশপাশে ভিড় না করার আহ্বান জানিয়েছে।
মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। ওই দিন আদিয়ালা জেল কর্তৃপক্ষকে ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
বিষয়: পাকিস্তান, ইমরান খান, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক সংবাদ