জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ৩টি F-35 ধ্বংসের দাবি আইআরজিসির
আন্তর্জাতিক ডেক্স
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬

জর্ডানের আল-আজরাক মার্কিন বিমানঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি আধুনিক এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস এবং আরও তিনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক হামলায় একই পরিবারের বাবা-মা ও শিশু নিহত হওয়ার ঘটনা ঘটে। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নির্মম হত্যাকাণ্ডের জবাব দিতেই জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে এই প্রতিশোধমূলক আক্রমণ চালানো হয়েছে।
আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় বিমানঘাঁটিটির একটি প্রধান রানওয়ে এবং বিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। এতে ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমানের বড় ধরনের ক্ষতির পাশাপাশি ঘাঁটিটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ দলের বেশ কয়েকজন সদস্য এবং মার্কিন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
ঘটনার পর এক বিবৃতিতে আইআরজিসি জানায়, “শিশুহত্যাকারী বাহিনী—যারা মাঝরাতে ঘুমন্ত নিরপরাধ পরিবারগুলোকে নির্মমভাবে হত্যা করে, এই অঞ্চলে তাদের অবস্থান কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” এই হামলাকে ইসলামি ভূখণ্ড থেকে মার্কিন দখলদারিত্বের অবসানে তাদের চলমান সংগ্রামেরই একটি অংশ হিসেবে বর্ণনা করেছে বাহিনীটি।
সূত্র: মিডল ইস্ট আই / ফার্স নিউজ এজেন্সি