প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বক্তব্যের নিন্দা জানাল হেফাজতে ইসলাম
নিজস্ব প্রতিবেদক | ভিশন সংবাদ ২৪
সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের সাম্প্রতিক বক্তব্য ও প্রচারণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সবসময় গঠনমূলক সমালোচনা ও ভিন্নমতকে সম্মান করে। তবে ব্যক্তিগত মানহানি, কুরুচিপূর্ণ মন্তব্য এবং উসকানিমূলক প্রচারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস হোসাইন হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে যে ভাষা ও বক্তব্য ব্যবহার করছেন, তা অনাকাঙ্ক্ষিত এবং জনপরিসরে বিভেদ ও বিরোধ সৃষ্টি করতে পারে। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজতের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইলিয়াস হোসাইনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো বিষয়ে ভিন্নমত থাকলে তা শালীন ও রুচিসম্মত ভাষায় উপস্থাপন করা উচিত এবং কটূক্তি বা অশালীন ভাষা ব্যবহার থেকে বিরত থাকা প্রয়োজন।
বিবৃতির শেষাংশে হেফাজতে ইসলাম বাংলাদেশ জানায়, সামাজিক সম্প্রীতি, জাতীয় ঐক্য এবং পারস্পরিক সম্মান বজায় রাখা সবার দায়িত্ব। দায়িত্বশীল বক্তব্য ও শালীন আচরণই সুস্থ জনপরিসর গঠনে সহায়ক বলে সংগঠনটি মনে করে।
#হেফাজতে_ইসলাম #ইলিয়াস_হোসাইন #মুহিব্বুল্লাহ_বাবুনগরী #বাংলাদেশ #জাতীয়_সংবাদ #Visionসংবাদ24