ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী কর্মী রয়েছেন। সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও রেমিট্যান্স প্রবাহের ওপর পড়তে পারে। এ কারণে বাংলাদেশ কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে দ্রুত সংঘাতের সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে।
এ ছাড়া সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সৃষ্ট জটিলতা নিয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশি কনটেইনার ও জাহাজ আটকে থাকার বিষয়টি তুলে ধরে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে।
হুমায়ুন কবির জানান, বাংলাদেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান চায়। একই সঙ্গে সংঘাতের অবসানের পর আটকে থাকা জাহাজগুলো যেন নিরাপদে বাংলাদেশে ফিরতে পারে, সে বিষয়ে ইরানের সহযোগিতা চাওয়া হয়েছে।
বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বাংলাদেশের স্বার্থ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়।