রাজধানী কাবুলে নারী শিক্ষার্থীদের হিফজ ও তাজবিদ শিক্ষা সমাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য সমাবর্তন ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাবুলের ঐতিহ্যবাহী নসরত খোশ-খান ইনস্টিটিউটের হিফজ ও তাজবিদ বিভাগ থেকে শিক্ষা সমাপনকারী নারী শিক্ষার্থীদের সম্মান জানাতে চতুর্থবারের মতো এ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফগান প্রতিনিধি উস্তাদ ইয়াসিরের শেয়ার করা ভিডিওতে অনুষ্ঠানের বিভিন্ন দৃশ্য দেখা যায়। এতে কালো গ্র্যাজুয়েশন গাউন পরিহিত নারী শিক্ষার্থীদের মঞ্চে উঠে সনদ ও সম্মাননা গ্রহণ করতে দেখা যায়।
অনুষ্ঠানে নারী সাংবাদিকদেরও উপস্থিতি ও কার্যক্রম কভার করতে দেখা গেছে। এক নারী সংবাদকর্মী অনুষ্ঠানস্থল থেকে সরাসরি কার্যক্রম তুলে ধরার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান।
উস্তাদ ইয়াসির তাঁর পোস্টে দাবি করেন, আফগানিস্তানে নারী শিক্ষা ও সামাজিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, কাবুলের এই সমাবর্তন অনুষ্ঠান নারী শিক্ষার কার্যক্রম চলমান থাকার একটি দৃশ্যমান উদাহরণ।
তবে আফগানিস্তানের নারী শিক্ষা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে বিভিন্ন মত ও বিতর্ক রয়েছে। কাবুলের এই অনুষ্ঠান সেই বিতর্কের মধ্যেই নারী শিক্ষার্থীদের একটি আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্তির চিত্র সামনে এনেছে।