পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি-বেসরকারি ও অধিভুক্ত মাদ্রাসায় বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
আগামী ২৬ আগস্ট, চাঁদ দেখা সাপেক্ষে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বোর্ড এ নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশের সব স্তরের মাদ্রাসাকে এসব কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করতে হবে।
যেসব কর্মসূচি পালনের নির্দেশ
আলোচনা সভা ও দোয়া মাহফিল:
মহানবী (সা.)-এর পবিত্র জীবনী, মানবকল্যাণে তাঁর অবদান, সাম্য, প্রগতি ও বিশ্বভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিল আয়োজন করতে হবে।
হামদ-নাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা:
শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত পরিবেশনা, স্বরচিত কবিতা পাঠ এবং বিষয়ভিত্তিক ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।
কুইজ প্রতিযোগিতা:
মহানবী (সা.)-এর জীবন ও কর্ম সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট পরিচালনা কমিটিকে—গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটি—অবিলম্বে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।
জাতীয় পর্যায়েও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা ও দোয়া মাহফিল, ইসলামিক ফাউন্ডেশনের মাসব্যাপী আয়োজন, বইমেলা, দেশব্যাপী ওয়াজ ও আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শিশুদের জন্য বিশেষ কর্মসূচি।
এ ছাড়া পবিত্র দিনের মর্যাদা ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।