মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে মুফতী রেজাউল করীম বলেন, হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলমানের প্রাণস্পন্দন ও চূড়ান্ত সীমারেখা। পবিত্র এ দুই নগরী কোনো রাষ্ট্রীয় রাজনীতির বিষয় নয়। তাই মক্কা-মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখা প্রয়োজন।
তিনি বলেন, মঙ্গলবার মক্কা-মদিনায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে গোটা মুসলিম উম্মাহ উদ্বিগ্ন হয়ে পড়ে। হারামাইন মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান উল্লেখ করে তিনি এসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
চরমোনাই পীর বলেন, হুথিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে—এটি স্বস্তির বিষয়। তিনি এ অবস্থানে অটল থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি সরকার পালন করছে। তাই এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়া উচিত নয়, যার ফলে পবিত্র দুই নগরীর নিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি তৈরি হতে পারে।
মুফতী রেজাউল করীম বলেন, শুধু মক্কা-মদিনার নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মক্কা-মদিনা ও জাজিরাতুল আরবের শান ও মর্যাদা রক্ষা করাও সৌদি সরকারের দায়িত্ব।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, হারামাইনের নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের জনগণ সৌদি আরবের পাশে আছে এবং থাকবে।