রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণ দলনিরপেক্ষ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের কল্যাণ ও জনগণের স্বার্থই হবে তাঁর দায়িত্ব পালনের প্রধান লক্ষ্য।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এসেছেন। ফলে বর্তমানে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ অবস্থানে রয়েছেন এবং সেভাবেই দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি রাগ বা অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন তিনি।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য বজায় রাখতে হবে।
বঙ্গভবনের ঐতিহাসিক ও রাষ্ট্রীয় গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বঙ্গভবন রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তসংক্রান্ত বিষয়গুলোতে কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে কোনোভাবেই রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত না হয়।
রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সরকারি সম্পদের অপচয় রোধের ওপরও গুরুত্ব দেন তিনি। জনগণের অর্থে পরিচালিত সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধার স্বচ্ছ, সঠিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিজীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও সুন্দর চরিত্র গঠনের প্রতিও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি স্বাধীনতা-পরবর্তী দেশ ও রাষ্ট্রগঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। একই সঙ্গে তিনি দেশের পূর্ববর্তী সব রাষ্ট্রপতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সবাইকে একটি পরিবারের সদস্য হিসেবে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।