রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, উত্তরসূরি নিয়ে চলছে জোর আলোচনা
নিজস্ব প্রতিবেদক: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শিগগিরই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন—এমন দাবি করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র। সূত্রগুলোর মতে, আনুষ্ঠানিকভাবে শারীরিক অসুস্থতাকেই পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে। তবে ক্ষমতাসীন দল বিএনপির উচ্চপর্যায় থেকেও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তাকে বার্তা দেওয়া হয়েছে বলেও দাবি করা হচ্ছে।
এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরকে কেন্দ্র করে তার উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ব্যক্তিগত ও অধস্তন কর্মকর্তাদেরও সম্ভাব্য প্রস্তুতির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রাম নেবেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন বলেও জানা গেছে।
আলোচনায় যাদের নাম
রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে দায়িত্ব নেবেন, তা নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খান-এর নাম আগে থেকেই আলোচনায় ছিল।
সাম্প্রতিক সময়ে এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার-এর নাম। উল্লেখ্য, ড. নাসিমুল গনি ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণ-অভ্যুত্থান ও জাতীয় নির্বাচনের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে সম্ভাব্য পরিবর্তন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে আগামী দিনের বিভিন্ন সাংবিধানিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে বলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে