নিজস্ব প্রতিবেদক | Vision সংবাদ 24
যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে সোমবার (২০ জুলাই) রাজধানীর মিন্টো রোডের অতিথি ভবন যমুনায় এক নৈশভোজের আয়োজন করা হয়েছে। এতে জোটের অধিকাংশ শরিক দলের শীর্ষ নেতারা অংশ নিলেও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) অংশ নিচ্ছে না।
বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার গঠনের প্রায় পাঁচ মাস পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আনুষ্ঠানিক এ আয়োজন করা হয়েছে। এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার ও জোটের সমন্বয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়ে আলোচনা হতে পারে।
দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, যুগপৎ আন্দোলনের সময় বিএনপির সঙ্গে রাজপথে থাকা শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সমন্বয় বাড়ানোই এই নৈশভোজের মূল উদ্দেশ্য।
নৈশভোজে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এবং বিএনপির অন্যান্য সহযোগী রাজনৈতিক দলের নেতারা।