বিজ্ঞান ও প্রযুক্তিতে তুরস্কের সক্ষমতা আরও বাড়াতে উচ্চাভিলাষী মানবসম্পদ উন্নয়ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। এর আওতায় আগামী পাঁচ বছরে প্রায় ৩ হাজার তরুণ গবেষককে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
২০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এরদোয়ান ‘তুর্কি স্ট্র্যাটেজিক টেকনোলজি হিউম্যান রিসোর্স প্রোগ্রাম’ চালুর ঘোষণা দেন। তিনি বলেন, প্রযুক্তিগতভাবে স্বাধীন ও শক্তিশালী তুরস্ক গড়তে দক্ষ মানবসম্পদ তৈরিতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচির প্রথম ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, চিপ প্রযুক্তি এবং উন্নত কম্পিউটার সিস্টেমসহ কৌশলগত প্রযুক্তি খাতে ৫৫০ জন পিএইচডি গবেষক নির্বাচন করা হবে। কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নির্বাচিত এসব গবেষককে তুরস্কের শীর্ষ ২০টি গবেষণা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পাঁচ বছর শেষে প্রায় ৩ হাজার নতুন ও তরুণ গবেষককে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি ইকোসিস্টেমে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এরদোয়ান বলেন, ‘তুর্কি শতাব্দী’ বিজ্ঞান, প্রযুক্তি এবং তরুণ প্রজন্মের শক্তির ওপর প্রতিষ্ঠিত হবে।
কর্মসূচিটির মাধ্যমে সংকটপূর্ণ ও কৌশলগত প্রযুক্তিতে দক্ষ জনবল বাড়ানো, সরকারি-বেসরকারি খাতে উচ্চ দক্ষতাসম্পন্ন বিশেষজ্ঞের চাহিদা পূরণ এবং মেধাবী তরুণদের গবেষণায় দ্রুত সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তুরস্কের এই উদ্যোগকে দেশটির প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও বৈদেশিক নির্ভরতা কমানোর দীর্ঘমেয়াদি প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।