চুপ্পুকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের
ঢাকা | ২৪ জুলাই ২০২৬
বাংলাদেশ খেলাফত মজলিস সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকার নৈতিক ও রাজনৈতিক বৈধতা হারিয়েছিলেন। তাদের দাবি, সে সময় থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের অংশীজন তার পদত্যাগের আহ্বান জানিয়ে আসছিল।
বিবৃতিতে আরও বলা হয়, তৎকালীন সময়ে বিএনপি তার পদত্যাগের দাবির পক্ষে অবস্থান না নেওয়ায় তিনি রাষ্ট্রপতির পদে বহাল ছিলেন। পরবর্তীতে বিএনপির অবস্থান পরিবর্তনের পর তিনি পদত্যাগে বাধ্য হন বলে মন্তব্য করেন তারা। একই সঙ্গে পদত্যাগের পেছনে রাজনৈতিক সমীকরণ ছিল কি না—এ নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়।
খেলাফত মজলিসের নেতারা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে সাহাবুদ্দিন চুপ্পুর পরস্পরবিরোধী বক্তব্য রাষ্ট্রপতির নিরপেক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। এছাড়া রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সংবিধান লঙ্ঘন এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও তারা উত্থাপন করেন। এস আলম গ্রুপ–সংশ্লিষ্ট ব্যাংকিং অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারিতে সহযোগিতার অভিযোগের বিষয়েও তদন্তের দাবি জানানো হয়।
সংগঠনটি বলেছে, শুধু পদত্যাগের মাধ্যমে দায় শেষ হয়ে যায় না। উত্থাপিত সব অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি ক্ষমতার অপব্যবহার, সংবিধান লঙ্ঘন এবং জনগণের অধিকার হরণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে