কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বুধবার (১৯ আগস্ট) জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্থানীয় ইমাম-উলামা পরিষদ ও ধর্মীয় নেতাদের আপত্তি এবং প্রতিবাদের পর কনসার্টটি স্থগিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কনসার্টে গান-বাজনার আয়োজনকে শরিয়তবিরোধী উল্লেখ করে এর বিরোধিতা করেন সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা। এ বিষয়ে তারা কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান।

স্মারকলিপিতে ইমাম-উলামারা দাবি করেন, কনসার্টে গান-বাজনার মাধ্যমে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন জানান, র্যাফেল ড্রসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই করা হয়েছে। নিবন্ধন না থাকায় তাদের আবেদন বাতিল করা হয়েছে।
এদিকে কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে অ্যাশেজ ব্যান্ড। পোস্টে তারা জানায়, প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে নির্ধারিত কনসার্টটি স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে আবার কিশোরগঞ্জে দর্শকদের সঙ্গে দেখা হওয়ার আশাবাদও ব্যক্ত করেছে ব্যান্ডটি।
প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রয়োজনীয় অনুমোদনসংক্রান্ত বিষয় বিবেচনা করেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র: সংগৃহীত তথ্য