হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) বিকেলে হেলিকপ্টারে করে চট্টগ্রামের ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানান।

পরে প্রধানমন্ত্রী বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর হাটহাজারী উপজেলায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।
এর আগে বাঁশখালীতে কর্মসূচি
এর আগে রোববার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন ঘরের চাবি, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
সকালে মহেশখালী পরিদর্শন
এর আগে সকালে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।
দিনব্যাপী চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন।
সূত্র: বাসস