কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলেকে দেখে ভেঙে পড়লেন পুলিশ সদস্য
কিশোরগঞ্জ | ২৪ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধারে গিয়ে নিহত শিশুটি যে তার নিজের ছেলে, তা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক কনস্টেবল সামছুল।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার আব্দুল ওয়াহেদ জনতা স্কুল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন স্থানীয় আব্দুল ওয়াহেদ জনতা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর পেয়ে কনস্টেবল সামছুলসহ সদর মডেল থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে তিনি দেখতে পান, সড়কে পড়ে থাকা শিশুটির মরদেহ তার নিজের ছেলে তুহিনের। এ দৃশ্য দেখে তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই এ হৃদয়বিদারক দৃশ্য দেখে আবেগাপ্লুত হন।
পরে বেলা সাড়ে ১১টার দিকে তুহিনের মরদেহ কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সহকর্মীদের সামনে সন্তান হারানোর শোকে বিলাপ করতে দেখা যায় কনস্টেবল সামছুলকে। এ সময় অন্য পুলিশ সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, কনস্টেবল সামছুলের বাড়ি নেত্রকোণা জেলায়। তিনি পরিবারসহ কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় জনতা স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিন সন্তানের মধ্যে তুহিন ছিল মেঝো। শুক্রবার সকালে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।