ময়মনসিংহ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড এবং আগুনের আতঙ্কে নিচে নামতে গিয়ে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
সোমবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হাসপাতালের মতো স্পর্শকাতর ও জনবহুল স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিকভাবেই রোগী, স্বজন ও চিকিৎসাসেবায় নিয়োজিতদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ধারণক্ষমতার অতিরিক্ত রোগী থাকা এবং অনেক সময় জরুরি বহির্গমন পথ সচল না থাকায় হাসপাতালের মতো স্থানে অগ্নিকাণ্ড বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা যথাযথভাবে তদন্ত করে দেখা প্রয়োজন। দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, কোনো ক্ষতিপূরণই স্বজন হারানোর শূন্যতা পূরণ করতে পারে না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের যথাযথ সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি।
একই সঙ্গে ভবিষ্যতে হাসপাতালসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং জরুরি বহির্গমন ব্যবস্থা কার্যকর রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।