পূর্বধলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের তফসি বাড়ির সন্তান নূর এ আল ইসলাম তফসী (জাভি) বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছেন। আগামী ২৮ অক্টোবর থেকে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘জিডি ট্রফি’ টুর্নামেন্টে তিনি মাঠে নামবেন।

জাভি চাকরিজীবী মো. আরিফ রহমান তফসীর ছেলে। তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রিকেট ক্যাডেট (ক্যাডেট নং-১১১৬)। দলের মূল ব্যাটার ও উইকেটকিপার হিসেবে খেলছেন এই তরুণ ক্রিকেটার।
মিরপুরে অনুষ্ঠেয় জিডি ট্রফিতে জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলও অংশ নেবে। প্রতিযোগিতামূলক এই আসরে জাভির সুযোগ পাওয়ায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
জাভির বাবা মো. আরিফ রহমান তফসী বলেন, “আলহামদুলিল্লাহ, বিসিবি আয়োজিত জিডি ট্রফি টুর্নামেন্টে আমার ছেলে জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে। জাভির আগামী দিনের সফলতার জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চাই।”
স্থানীয় ক্রীড়া সংগঠন ‘এসি ক্লাব’-এর সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, “আমাদের এলাকা থেকে বিকেএসপি হয়ে জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। জাভির এই অর্জন এলাকার উদীয়মান ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
পূর্বধলার এই তরুণ ক্রিকেটারের সামনে জাতীয় পর্যায়ে নিজের প্রতিভা তুলে ধরার নতুন সুযোগ তৈরি হয়েছে। এলাকাবাসী তার সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
বিষয়: পূর্বধলা, নূর এ আল ইসলাম তফসী, জাভি, বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট, বিকেএসপি, জিডি ট্রফি, ক্রিকেট